জ্বালানি শুল্ক বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেনমার্চ

জ্বালানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। ব্যর্থ হলে সরকার পতনের একদফা দাবি ঘোষণাও হুঁশিয়ারি দিয়েছে দলটি। রোববার (২০ সেপ্টেম্বর) করাচির ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু হওয়া ‘ট্রেনমার্চ’ কর্মসূচির আগে দলীয় সমর্থকদের উদ্দেশে বার্তা দেন দলটির হাফিজ নাঈমুর রহমান।
তিনি বলেন, সরকার জ্বালানি শুল্ক প্রত্যাহার না করলে চলমান বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে। আমাদের কর্মসূচি অনুযায়ী, সারা দেশ থেকে মানুষ ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। ‘ট্রেন মিছিলের’ পাশাপাশি সড়কপথেও একদল বিক্ষোভকারী রাজধানীর উদ্দেশে রওনা হয়েছে।
নাঈমুর রহমান বলেন, মিছিলটি হায়দরাবাদ, লান্ধি, নবাবশাহ, রোহরি ও সুক্কুর হয়ে এগোবে। ইসলামাবাদে পৌঁছানোর পর নারীদেরও লংমার্চ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো। এই মিছিলের উদ্দেশ্য সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের ওপর থেকে বোঝা কমানো। জনগণকে স্বস্তি দেওয়ার পরিবর্তে সরকার তার অপশাসনের জন্য জাতিকে মূল্য চোকাতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘আমরা দাবি করছি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাহলে পেট্রোলের দাম দ্রুত কমে প্রতি লিটার প্রায় ২০০ রুপিতে নেমে আসবে। তখনই অর্থনীতি এগিয়ে যেতে পারবে। সরকার এ অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় পেট্রোলের দাম বেশি বাড়িয়েছে। সরকার সংকটের সময়ে সাধারণ মানুষের সম্পদ লুট করতে চায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানো অর্থহীন বলেও মন্তব্য করেন নাঈমুর রহমান। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে এই অবিচারের প্রতিবাদে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, গত ৩৬ থেকে ৩৭ দিন ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বর্তমানে হায়দরাবাদ, সুক্কুর, মিরপুর খাস, লারকানা, নওশহর ফিরোজ, রাওয়ালপিন্ডি, গুজরাট এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।
নাঈমুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী পুরো পাকিস্তানকে সংগঠিত করেছে। কোনো বাধাই বিক্ষোভকারীদের থামাতে পারবে না। আমরা যখন ইসলামাবাদে পৌঁছাব, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। সরকার আন্দোলন দমনের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে, ১৭ সেপ্টেম্বর লাহোরে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান জ্বালানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে ২০ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে ‘সুপার লং মার্চ’ কর্মসূচির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, করাচি, কোয়েটা, চিত্রাল, কালাম, খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও দেশের অন্যান্য অঞ্চল থেকে নেতাকর্মীরা ফেডারেল রাজধানীর দিকে যাবে।
এ সময় তিনি বলেন, করাচি থেকে ট্রেনে করে আসা একটি কাফেলা ইসলামাবাদে পৌঁছানোর আগে মুলতান ও লাহোর অতিক্রম করবে। বিভিন্ন শহরে পেট্রোলিয়াম শুল্কের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ৩৩ দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর এই ঘোষণাটি আসে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নাঈমুর রহমানের নেতৃত্বে করাচি থেকে শুরু হওয়া ‘ট্রেন মিছিল’ রাত ৮টায় সমাবেশ করার জন্য সুক্কুরের রোহরিতে পৌঁছাবে। বিক্ষোভকারীরা সোমবার মুলতানের উদ্দেশে রওনা হবেন।

