বন্ধু পুতিনকে এড়িয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জিনপিং

বিশ্ব রাজনীতিতে যেন এক অবিশ্বাস্য ও নাটকীয় দৃশ্যের অবতারণা হলো। যাকে ঐতিহ্যগতভাবে ‘পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু’ হিসবে গণ্য করা হয়, সেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে প্রথা ভেঙে খোদ বিমানবন্দরের রানওয়েতে ছুটে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।
রুশ বন্ধুকে এড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া এই বিশেষ রাজকীয় সংবর্ধনা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন কৌশলগত সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চীনের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত শেনঝেনে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে শি জিনপিংয়ের এই বিরল কূটনৈতিক পদক্ষেপ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এপেক সম্মেলনে তিন পরাশক্তির উপস্থিতি
বুধবার (১৮ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ও পুতিন-শির সঙ্গে একটি বিরল ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তিনি চীনের এই প্রযুক্তিপ্রধান শহরটি সফর করছেন। আগামী দুই দিনব্যাপী এই সম্মেলনে তিন পরাশক্তির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।
বিমানবন্দরে বিরল দৃষ্টান্ত
সিএনএন ও এএফপি’র তথ্য অনুযায়ী, শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পের বিমান অবতরণ করার পর তাকে স্বাগত জানাতে সশরীরে উপস্থিত হন খোদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানের সিঁড়ি বেয়ে ট্রাম্প নিচে নেমে আসলে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেন এবং করমর্দন করেন।
অন্যদিকে, এর আগে এপেক সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেনঝেনে পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান শি জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী তথা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী চিফ অব স্টাফ সাই চি।
কী বার্তা দিল বেইজিং
চীনের কূটনৈতিক প্রটোকলে বিমানবন্দরে কোনো বিদেশি অতিথিকে কে স্বাগত জানাচ্ছেন, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের চিফ অব স্টাফ সাই চি হলেন কমিউনিস্ট পার্টির অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক। তিনি প্রেসিডেন্ট জিনপিংয়ের দৈনন্দিন কর্মসূচি ও তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করেন। পুতিনকে স্বাগত জানাতে তার উপস্থিতি মস্কোর প্রতি বেইজিংয়ের উচ্চমর্যাদা ও বিশেষ গুরুত্বের বহিঃপ্রকাশ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোদ শি জিনপিংয়ের রানওয়েতে গিয়ে বরণ করে নেওয়া এবং উষ্ণ আলিঙ্গন দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের নতুন মানসিকতা ও ভূ-রাজনৈতিক কৌশলেরই স্পষ্ট ইঙ্গিত দেয়।
কূটনৈতিক অভ্যর্থনায় পুরোনো রীতি
এর আগে, চীন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য আরেক কমিউনিস্ট দেশ ও ঘনিষ্ঠ মিত্রটির কাছে সাইকে পাঠিয়েছিল। তবে কিম ব্যক্তিগত ট্রেনে করে চীনে এসেছিলেন। উড়োজাহাজের তুলনায় ট্রেনে ভ্রমণ করতেই তিনি বেশি পছন্দ করেন।
গত মে মাসে ট্রাম্প যখন বেইজিং সফর করেন, তখন তাকে অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বিশ্লেষকেরা এই পদক্ষেপকে আনুষ্ঠানিকতার চেয়ে প্রতীকী গুরুত্বের দিক থেকে ভিন্ন হিসেবে দেখেছেন। কারণ, হানের পদমর্যাদা উচ্চপর্যায়ের হলেও তার দায়িত্ব মূলত আনুষ্ঠানিক।
এর আগে ২০১৭ সালে ট্রাম্পের চীন সফরের সময় তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন দেশটির শীর্ষ কূটনীতিক। একইভাবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে চীন সফরেও দেশটির শীর্ষ কূটনীতিকের অভ্যর্থনা পেয়েছিলেন।
(2)-6182f1.jpg)






