২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী খ্রিষ্টান হলেও জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে তাদের ছাড়িয়ে যেতে পারে মুসলমানরা। তখন মুসলমানরাই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। পিউ রিসার্চ সেন্টারের নতুন জনসংখ্যা পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে মুসলমান ও খ্রিষ্টান, উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির গতি বেশি হওয়ায় একপর্যায়ে বৈশ্বিক ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন আসতে পারে।
পিউ রিসার্চের বিশ্লেষণ অনুযায়ী, মুসলমানদের জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তুলনামূলক উচ্চ জন্মহার।
২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫। অন্যদিকে, অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের সম্মিলিত গড় জন্মহার ছিল ১ দশমিক ৬।
জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়। মুসলমানদের ক্ষেত্রে এই হার অনেক বেশি হওয়ায় তাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। খ্রিষ্টানদের জন্মহারও প্রয়োজনীয় মাত্রার ওপরে থাকায় এ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
ধর্মান্তরের প্রভাব মুসলিম ও খ্রিষ্টান জনসংখ্যায়
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ধর্ম পরিবর্তনের প্রবণতাও ভবিষ্যতের ধর্মীয় জনসংখ্যার চিত্রে প্রভাব ফেলবে। তবে জন্ম ও মৃত্যুর ব্যবধানের তুলনায় এ প্রভাব অপেক্ষাকৃত কম হবে।
পিউর পূর্বাভাস বলছে, ধর্মান্তরের কারণে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যায় নিট ঘাটতি হতে পারে প্রায় ৮০ লাখ। অন্যদিকে, খ্রিষ্টানদের ক্ষেত্রে এ ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি বড় অংশ কোনো ধর্মের অনুসারী নন; এমন পরিচয় গ্রহণ করতে পারেন। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।
অন্যদিকে, ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে সরাসরি ধর্মান্তরের হার প্রায় কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, মুসলমান থেকে খ্রিষ্টান হতে পারেন প্রায় ৯২ লাখ মানুষ। বিপরীতে, খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে পারেন প্রায় ৯০ লাখ মানুষ।
অর্থাৎ ধর্মান্তরের কারণে মুসলিম জনসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে না। বরং মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জন্মহারকেই চিহ্নিত করেছে পিউ রিসার্চ।
পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকার সম্ভাবনা
আগামী পাঁচ দশকে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলমানের সংখ্যা সম্মিলিতভাবে আরও ১২০ কোটি বাড়তে পারে। যা বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট সম্ভাব্য বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ।
এ ক্ষেত্রে পাকিস্তানের পরিবর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশটিতে মুসলমানের সংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। ফলে মুসলিম জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় অবস্থান থেকে প্রথম স্থানে উঠে আসতে পারে।
কঙ্গোতে বাড়বে খ্রিষ্টান জনসংখ্যা, যুক্তরাষ্ট্রে কমার আশঙ্কা
মুসলমানদের মতো খ্রিষ্টানদের জনসংখ্যা বৃদ্ধিও মূলত বর্তমান খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কেন্দ্রীভূত থাকবে।
২০২০ সালে বিশ্বের ১২০টি দেশে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে এসব দেশে খ্রিষ্টানদের সংখ্যা আরও ৬৩ কোটি বাড়তে পারে। যা বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ।
আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে খ্রিষ্টানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। ২০২০ সালে দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ছিল ৯ কোটি ২০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ২৯ কোটি ৯০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।
তবে সব খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশে জনসংখ্যা বাড়বে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
২০২০ সালে দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ছিল ২১ কোটি ৭০ লাখ। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে তা কমে ১৭ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে মৃত্যুহার বেশি হওয়ার বিষয়টি এ হ্রাসের অন্যতম কারণ।
২০৭০ সালে বিভিন্ন অঞ্চলের ধর্মীয় চিত্র কেমন হবে?
মুসলমানদের জনসংখ্যা দ্রুত বাড়লেও ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চলে তারা সংখ্যালঘু হিসেবেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থান ধরে রাখবেন। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলমান হতে পারেন।
তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে মুসলমানরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে পারেন।
অন্যদিকে, বিশ্বের অধিকাংশ অঞ্চলে খ্রিষ্টানরা বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবেন। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাদে অন্যান্য অঞ্চলে মোট জনসংখ্যার তুলনায় খ্রিষ্টানদের অনুপাত কমতে পারে।
আফ্রিকায় দ্রুত বাড়বে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠী
সাব-সাহারা আফ্রিকায় আগামী পাঁচ দশকে মুসলিম ও খ্রিষ্টান; উভয় জনগোষ্ঠীর জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে এ অঞ্চলে খ্রিষ্টানদের সংখ্যা ১২৯ শতাংশ বাড়তে পারে। একই সময়ে মুসলমানদের সংখ্যা বাড়তে পারে ১৬৬ শতাংশ।
এর ফলে খ্রিষ্টানদের মোট সংখ্যা বাড়লেও আঞ্চলিক মোট জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কিছুটা কমে যেতে পারে। কারণ, একই সময়ে মুসলমানদের জনসংখ্যা আরও দ্রুত বাড়বে।
সব মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে উচ্চ জন্মহারের কারণে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির গতি অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হয়ে উঠতে পারে মুসলমানরা।

