logo

পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান

পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় সহযোগিতার অভিযোগে পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশগুলো হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। ইরানের অভিযোগ, দেশগুলো নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

গত সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরুয়াইয়ের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, ‘রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় সহযোগিতা করে তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’

তিনি বলেন, ‘এ কারণে তাদেরও অভিযুক্ত করা উচিত এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

গত ২৮ ফেব্রুয়ার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ৬ সপ্তাহ ধরে চলা ওই সংঘাতে কয়েক হাজার মানুষ হতাহত হয়। সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে ইসরায়েল, ইরাক, জর্ডানসহ মার্কিন সামরিক স্থাপনা আছে এমন উপসাগরীয় দেশগুলোতে প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান।

পরে পাকিস্তানের উদ্যোগে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা হলে হামলা পাল্টা হামলা কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আছে।

এদিকে গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে আবার ইসলামাবাদে আলোচনায় বসার কথা রয়েছে পক্ষগুলোর।