logo

জয়ী না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে

জয়ী না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে

ওয়াশিংয়টনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার পরও ইরান যুদ্ধে নিজের অনড় অবস্থান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে হামলাকারীর সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও জয়ী না হওয়ার আগ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 

শনিবার (২৫ এপ্রিল) রাতে হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ খবর জানা গেছে।

তিনি বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, মনে করি না এর পেছনে কোনো যোগসূত্র আছে।

তবে এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন। হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা বলা মুশকিল বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, তেহরানের আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন।

এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে যাওয়ার নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প। তেহরানের প্রতিনিধিদল যখন ইসলামাবাদ ছেড়ে যায় ঠিক তখনই তিনি এই পদক্ষেপ নেন।

শনিবারের নির্ধারিত সফর সম্পর্কে ট্রাম্প বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার সেখানে গেলে ‘অনেক সময় নষ্ট’ হতো। তিনি আরও বলেন, ইরান যদি আলোচনা করতে চায়, তাহলে তাদেরই যোগাযোগ করা উচিত।

প্রায় দুই মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। দুই পক্ষই নিজেদের কঠোর অবস্থানে অনড়।

সূত্র: বিবিসি, সিএনএন