logo

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

উত্তর-পশ্চিমে বুলগেরিয়ান সীমান্তের কাছে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বুলগেরিয়ান সীমান্তের কাছে একটি অজ্ঞাত রাডার সিগন্যাল নজরদারির জন্য দ্রুত মিশনে মোতায়েন করা হয়েছিল এফ-১৬ যুদ্ধবিমানটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ভোরের এই দুর্ঘটনায় বিমানটির পাইলট শেষ মুহূর্তে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু দুভার্গ্যজনকভাবে তিনি প্রাণ হারান। খবর সাবা নিউজের।

বুধবার রাতে বুলগেরিয়ার সীমান্তের কাছে একটি অজ্ঞাত রাডার সংকেত শনাক্ত হওয়ার পর, বালিকেসির থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান সতর্কতামূলক অভিযানে উড্ডয়ন করে। বালিকেসির শহরটি উপকূলীয় শহর ইজমির থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশ্বস্ত করেছেন যে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করছে।

২০২৫ সালের নভেম্বরে আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়াতে একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পর তুরস্ক তাদের সি-১৩০ কার্গো বিমানের ফ্লাইট স্থগিত করে। ওই দুর্ঘটনায় বিমানের ২০ জন আরোহীর সবাই নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন নির্মিত আরও কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছে। গত জানুয়ারি মাসে তাইওয়ানের একটি এফ-১৬ নিয়মিত অভিযানের সময় সমুদ্রে বিধ্বস্ত হয়। পাইলট ইজেক্ট করলেও পরে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। এর আগে গত আগস্টে পোল্যান্ডে একটি বিমান প্রদর্শনীর মহড়ার সময় আরেকটি এফ-১৬ বিধ্বস্ত হয়, এতে পাইলট নিহত হন।