হরমুজ দিয়ে জরুরি খাদ্য পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি ইরানের

মানবিক দিক বিবেচনায় হরমুজ প্রণালি দিয়ে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য’ বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
তবে কোন কোন পণ্য এর আওতায় রয়েছে তা স্পষ্ট করেনি ইরান। পাশপাশি ইরান তাদের শত্রু দেশগুলোর জাহাজের ওপর অবরোধ বহাল রাখবে কি না, তাও স্পষ্ট করেনি।
শনিবার (৪ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধানের উদ্দেশে লেখা একটি নথিতে বাণিজ্যিক উন্নয়ন বিষয়ক ডেপুটি হুমান ফাথি বলেছেন, অপরিহার্য পণ্য—বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং গবাদি পশুর খাদ্য বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
ইরানি কর্মকর্তা বলেন, আদেশটি ইরানি বন্দরের দিকে আসা অথবা বর্তমানে এই অঞ্চলে অবস্থানরত জাহাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নির্বাহী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ইস্যু করা প্রোটোকল অনুযায়ী এই জাহাজগুলোর চলাচল সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গাজালি নামের জনৈক কর্মকর্তা জানান, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের জন্য প্রস্তুত জাহাজের একটি তালিকা সমন্বয়ের জন্য পাঠানো হবে।