ইসরায়েলি কারাগারে আরেক ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের মেগিদ্দো কারাগারে বন্দি অবস্থায় আরেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তার নাম মাওয়ান ফাতহি হারজাল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দিবিষয়ক কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি।
রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, গত ৮ জানুয়ারি হারজাল্লাহকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১৯৯৫ সালে ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই ঘটনার ফলে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল।
সংগঠনগুলোর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও গণহত্যা শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের কারাগার ও ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। তাদেরই একজন হলেন মারওয়ান ফাতহি হারজাল্লাহ।
এদিকে তার ছেলে তাহরির হারজাল্লাহও বতর্মানে ইসরায়েলি কারা হেফাজতে রয়েছেন। তাকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই ‘প্রশাসনিক আটক’ নীতির আওতায় বন্দি করে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলের অমানবিক আচরণের অভিযোগ আবারও সামনে এসেছে বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর।