ইরাক থেকে মার্কিন নারী সাংবাদিককে অপহরণ

ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। গার্ডিয়ান জানায়, আমেরিকার অভিযোগ, ইরান সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই অপহরণের পেছনে রয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, অপহৃত সাংবাদিককে যত দ্রুত সম্ভব উদ্ধারের জন্য তারা কাজ করে যাচ্ছে। মার্কিন সরকারের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী সচিব ডিলান জনসন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে কাতায়েব হিজবুল্লাহ নামক একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে ইরাকি কর্তৃপক্ষ আটক করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অপহরণকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাদের পথরোধ করে। এ সময় পালানোর চেষ্টাকালে অপহরণকারীদের গাড়িটি উল্টে যায়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাকিদের আটক এবং সাংবাদিককে নিরাপদে ফিরিয়ে আনতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদিক অধিকার সংস্থাগুলো জানিয়েছে, অপহৃত সাংবাদিকের নাম শেলি কিটলসন। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাক থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। তিনি আল-মনিটরসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে কাজ করেন বলে জানা যায়।