যুক্তরাষ্ট্রের জনগণ পেট্রোলের দাম নিয়ে চিন্তিত: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গ্যাসের দাম ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ অর্থনৈতিক চাপে পড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মনে করেন পেট্রোল পাম্পে এ মূল্য বৃদ্ধি সাময়িক। তিনি বলেন, ‘পেট্রোলের দামের সাম্প্রতিক বৃদ্ধি নিয়ে অনেক আমেরিকানই উদ্বিগ্ন।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন দাবি করেন ট্রাম্প। খবর আলজাজিরা
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই সাময়িক দামের বৃদ্ধির কারণ ইরানের প্রতিবেশী দেশগুলোতে বাণিজ্যিক তেল ট্যাংকারের ওপর সন্ত্রাসী হামলা। যে দেশগুলোর সঙ্গে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, ‘এটি আরও একটি প্রমাণ যে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ইরানকে কখনোই বিশ্বাস করা যায় না।’
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ট্রাম্প বেশ অনেকবারই যুদ্ধ শেষ করার কথা বললেও যুদ্ধের পরিধি বাড়াতে অতিরিক্ত সেনা মোতায়েনও করছেন মধ্যপ্রাচ্যে।