মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে এক হাজারের বেশি অতিরিক্ত সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। স্কাই নিউজ ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে এই সিদ্ধান্তে অনুমোদন দেন ট্রাম্প। ইতোমধ্যে আজ (২৪ মার্চ) থেকে সদর দপ্তর, সংশ্লিষ্ট কর্মী এবং কিছু স্থলবাহিনীর জন্য আনুষ্ঠানিক আদেশ জারি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে এই সেনারা মোতায়েন করা হবে। তবে পুরো ব্রিগেড পাঠানো হচ্ছে না। সাধারণত একটি পূর্ণ ব্রিগেডে তিন হাজারের বেশি সেনা থাকলেও, এই মোতায়েনে তার অর্ধেকেরও কম অর্থাৎ দেড় হাজারের নিচে সেনা অন্তর্ভুক্ত থাকবে।
এতে করে পূর্বে প্রচারিত ‘হাজার হাজার অতিরিক্ত সেনা’ পাঠানোর খবরটি আংশিকভাবে অতিরঞ্জিত ছিল বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এসব সেনা যুক্তরাষ্ট্র ত্যাগ করেনি। তবে সামনের কয়েক দিনের মধ্যেই তাদের মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাঠানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ৮২তম এয়ারবোর্ন ডিভিশন মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত পদাতিক ইউনিট, যারা প্যারাশুটের মাধ্যমে দ্রুত অনুপ্রবেশ এবং জোরপূর্বক আক্রমণ পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত। এই সীমিত পরিসরের মোতায়েনও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামরিক বার্তা বহন করছে।