logo

হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি কেন্দ্র। তবে ট্রাম্প জানিয়েছেন, এখন পর্যন্ত ওই দ্বীপে থাকা ইরানের তেল অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়নি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ভদ্রতা দেখিয়ে আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নিইনি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি তাৎক্ষণিক এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’

পর্যবেক্ষকদের মতে, খারগ দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালানো হলেও আপাতত তেল অবকাঠামো অক্ষত রাখার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান ওই দ্বীপ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল। দ্বীপটির সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিতে চেয়েছে যে, প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর ইরানের সক্ষমতা সীমিত করা সম্ভব।

তবে দ্বীপটির তেল অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার হুমকিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ইরানের অধিকাংশ তেল রপ্তানি এই দ্বীপ থেকেই জাহাজে তুলে বিভিন্ন দেশে পাঠানো হয়।