logo

ইরানে আইএসের ২ সদস্যের ফাঁসি কার্যকর

ইরানে আইএসের ২ সদস্যের ফাঁসি কার্যকর

বোমা হামলার অভিযোগে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দুই বছর আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হন তারা।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।

মিজানের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালে তেহরান থেকে ইরাকের সীমান্তবর্তী পশ্চিমের প্রদেশ ইলামে যাওয়ার সময় একটি বাসে হামলায় এক শিশু নিহত হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন।

পরে ওই বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের ফাঁসি কার্যকর করা হয়।

তবে ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মিজান।

অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস ও ওয়াশিংটনভিত্তিক আব্দোররহমান বোরোমান্ড সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান ২০২৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১০০০-এরও বেশি বলে জানিয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে দাবি সংগঠনগুলোর। কারণ, ইরান সব মৃত্যুদণ্ডের প্রতিবেদন প্রকাশ করে না।