logo

সীমান্তে বাংলাদেশি ২ যুবককে কেন হত্যা করা হয়েছে, জানাল বিএসএফ

সীমান্তে বাংলাদেশি ২ যুবককে কেন হত্যা করা হয়েছে, জানাল বিএসএফ
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। শুক্রবার রাতের এই ঘটনায় বিএসএফ দাবি করেছে, তারা আত্মরক্ষার জন্য গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা করেছে। বাংলাদেশিরা নাকি তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। তাই তারা সরাসরি গুলি ছুড়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার কামলাসাগর সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশিকে চোরকারবারি সন্দেহে গুলি করে হত্যা করেছে। এই সীমান্ত এলাকাটি উভয় দেশের স্থানীয় বাসিন্দাদের মদদে চোরাচালানের জন্য পরিচিত। ঘটনার দিন নিয়মিত টহল দিচ্ছিল বিএসএফ সদস্যরা।

এ সময় ১০-১৫ জনের একটি দল রাতের অন্ধকারে গোপনে সীমান্ত বেড়ার বাংলাদেশ থেকে তাদের ভারতীয় সহযোগীদের কাছে পণ্য পাচার করছিল। তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে আত্মরক্ষার জন্য সরাসরি গুলি চালায় বিএসএফ। এতে দুই বাংলাদেশি আহত হন। পরে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎকরা।

বিএসএফ নিহতদের পরিচয় জানিয়েছে। তারা হলেন নবীন হোসেন (২০) ও মোহাম্মদ মোরসালিন (৪০)।

গুলির ‍ঘটনার পর স্থানীয় থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের দাবি, মৃত্যুর আগে সন্দেহভাজন পাচারকারীরা বাংলাদেশের নাগরিক হওয়ার কথা এবং পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিএসএফের কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।