logo

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার পদ বাতিল ঘোষণা হাইকোর্টের

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার পদ বাতিল ঘোষণা হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট। ছবি: উইকিপিডিয়া

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে আইনসম্মত নয় বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচন করে সিদ্ধান্ত জানানোর জন্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশের ফলে আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য হয়ে গেল। নতুন করে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাউকে এই পদে আসীন বলে উল্লেখ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

Advertisement

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনের পর দলীয় বিভাজন ও নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়।

দলীয় চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গত ৯ মে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব জানিয়ে স্পিকারকে চিঠি দেন। ওই চিঠির স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে এবং এ নিয়ে এফআইআরও দায়ের হয়।

এরপর ১ জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ৩ জুন ৫৮ জন বিধায়কের সমর্থন দেখিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবিতে স্পিকারের কাছে নতুন চিঠি জমা পড়ে। সেই চিঠির ভিত্তিতেই স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়।

শীতকালীন অধিবেশনের আগে নতুন জটিলতা

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন চলার কথা। অন্যদিকে, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারকে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত। ফলে অধিবেশনের প্রথম কয়েক দিন বিরোধী দলনেতা ছাড়াই বিধানসভার কার্যক্রম চলতে পারে।

এই পরিস্থিতিতে স্পিকারের সামনে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। প্রয়োজনে অধিবেশন চলাকালীন আস্থা যাচাইয়ের ব্যবস্থাও করা হতে পারে। যে পক্ষ সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন প্রমাণ করতে পারবে, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের দাবিই গুরুত্ব পাবে।

রায় নিয়ে দুই শিবিরের প্রতিক্রিয়া

হাইকোর্টের রায়ের পর তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, স্পিকার নিরপেক্ষতা বজায় না রেখে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতের রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে। একই সঙ্গে আখরুজ্জামানের চিফ হুইপ পদে নিয়োগও বাতিল হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে দিল্লিতে নির্বাচন কমিশনের শুনানি শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের রায় নিয়ে তাদের কোনও আপত্তি নেই। বিষয়টি এখন সম্পূর্ণভাবে স্পিকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তার দাবি, গত ৩ জুন সংখ্যাগরিষ্ঠ বিধায়কের উপস্থিতির ভিত্তিতেই স্পিকার তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

ঋতব্রত আরও জানান, ২২ জুন অরূপ রায়কে চেয়ারপারসন করে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়েছে। স্পিকার যখনই তাদের ডাকবেন, তখন সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তার সামনে হাজির হবেন এবং স্পিকারের সিদ্ধান্ত মেনে নেবেন।

সব মিলিয়ে, হাইকোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক টানাপোড়েন নতুন মাত্রা পেল। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট