logo

ইরান যুদ্ধের প্রভাবে আমিরাতের শেয়ারবাজারে ধস, গায়েব ১২০ বিলিয়ন ডলার 

ইরান যুদ্ধের প্রভাবে আমিরাতের শেয়ারবাজারে ধস, গায়েব ১২০ বিলিয়ন ডলার 

ইরান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে ধস নেমেছে। এ সময় এ পুঁজিবাজার থেকে ১২০ বিলিয়ন ডলার গায়েব হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবির শেয়ারবাজার প্রায় ১২০ বিলিয়ন ডলার মূল্য হারিয়েছে। বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে যাওয়ার কারণে এ পুঁজিবাজারগুলো বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর্থিক বাজারগুলোর মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দুবাই ও আবুধাবির বেঞ্চমার্ক সূচক যথাক্রমে প্রায় ১৬ শতাংশ এবং ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাই ফিন্যান্সিয়াল মার্কেট (ডিএফএম) জেনারেল ইনডেক্স প্রায় ৪৫ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে, অন্যদিকে বৃহত্তর এডিএক্স জেনারেল ইনডেক্স প্রায় ৭৫ বিলিয়ন ডলার হারিয়েছে।

কাতার এবং বাহরাইনের আর্থিক বাজার যথাক্রমে প্রায় ৪ শতাংশ এবং ৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে সৌদি আরব ও ওমানের স্টক এক্সচেঞ্জগুলো লাভবান হয়েছে।

মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটে যুদ্ধের প্রত্যাশিত সময়কাল এবং লক্ষ্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তার কারণে একই সময়ে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে।