সৌদি আরব ও আমিরাতে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আজ রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।
বৈজ্ঞানিক গণনা অনুযায়ী রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে খালি চোখে না হলেও টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)।
আজ চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশেই আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কুরবানির ঈদ উদযাপিত হবে।
ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।



