Advertisement

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

এশিয়া পোস্ট ডেস্ক
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
প্রতীকী ছবি

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী কম্পনটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) সম্ভাব্য বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে উপকূলীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি করেছে।

সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ১ মিটার (৩.২৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু উপকূলীয় এলাকায় ইতিমধ্যে এই উচ্চতার সুনামির ঢেউ পৌঁছাতে শুরু করেছে।

উদ্ভূত পরিস্থিতি বিচারে জাপান সরকার কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য উচ্চমাত্রার জরুরি ভূকম্পন সতর্কতা জারি করেছে।

এর আগে ২০১১ সালে ৯ মাত্রার এক ভয়াবহ সমুদ্রগর্ভস্থ ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। বিখ্যাত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চলতি বছরের ২০ এপ্রিলও দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে টোকিওসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন।