logo

‘গ্রিনল্যান্ড নয়, ইউরোপের নজর থাকা উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে’

‘গ্রিনল্যান্ড নয়, ইউরোপের নজর থাকা উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে’

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের দেশগুলোকে সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের আসল মনোযোগ দেওয়া উচিত রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে। একই সঙ্গে গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড প্রশ্নে ইউরোপের দেশগুলোর আপত্তি থাকলে তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে তিনি ইউরোপকে গ্রিনল্যান্ড নিয়ে উদ্বেগ না দেখিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই তা কার্যকর করবেন।

গ্রিনল্যান্ড দখলে সামরিক অভিযান চালানো হতে পারে কি না এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, এ বিষয়ে এখনই কিছু বলার নেই।

ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে বাধা দেওয়ার কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেন, জুনের মধ্যে যদি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয়, তাহলে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে।

ইউরোপের দেশগুলোকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তাদের উচিত গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা না বাড়িয়ে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দিকে নজর দেওয়া। তার ভাষায়, এই যুদ্ধের প্রভাব ইউরোপ ইতোমধ্যেই বুঝতে পারছে এবং এখানেই তাদের বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আর্কটিক অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি খনিজসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ট্রাম্প দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই অবস্থান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে।

সূত্র : বিবিসি