ইরান যুদ্ধের আঁচ অস্ট্রেলিয়ায়, সংকট সামলাতে ফ্রি গণপরিবহন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী তেলের বাজারে ছড়িয়ে পড়েছে। সরবরাহে বিঘ্নের কারণে এশিয়ার অনেক দেশে জ্বালানি সংকট প্রকট রূপ নিয়েছে। কিছু দেশ কর্মঘণ্টা কমানো ও অন্যান্য পদক্ষেপ নিয়েছে, তবে ভোক্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া নাগরিকদের গাড়ি কম ব্যবহার করে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করছে, যাতে তেলের চাহিদা কিছুটা হ্রাস পায়।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম রাজ্য ভিক্টোরিয়ার জনগণ আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত বাস, ট্রেন ও ফেরি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। একমাত্র দ্বীপ রাজ্য তাসমানিয়ায় তারা এই সুবিধা ভোগ করবেন ১ জুলাই পর্যন্ত। দুই রাজ্য স্বল্পমেয়াদি ফ্রি সেবা চালু করলেও অন্য বড় রাজ্যগুলো নিজস্ব নীতি অনুসরণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে।
ভিক্টোরিয়ার অ্যালান সরকার ঘোষণা করেছে, ৩১ মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত মেট্রো ও আঞ্চলিক ভি/লাইন ট্রাম, ট্রেন ও বাস বিনামূল্যে চলবে। সরকার জানিয়েছে, এই অস্থায়ী ব্যবস্থার কারণে প্রায় ৭১ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হয়েছে।
তাসমানিয়ার ৪৭তম প্রিমিয়ার জেরেমি রক্লিফও জানিয়েছেন, ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ডারওয়েন্ট নদীর ফেরি বিনামূল্যে চলবে। রাজ্যের পরিবহন মন্ত্রী কেরি ভিনসেন্ট বলছেন, এতে যাত্রীদের সপ্তাহে ২০ থেকে ৮৮ ডলার সাশ্রয় হবে।
তবে নিউ সাউথ ওয়েলস ও পশ্চিম অস্ট্রেলিয়া একই পদক্ষেপ গ্রহণ করেনি। নিউ সাউথ ওয়েলসের পরিবহনমন্ত্রী জন গ্রাহাম বলেন, ‘আমরা এক বা দুই দিন বা এক মাসের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা দিচ্ছি না। আমাদের বড় অর্থনীতিকে সহায়তা করার জন্য নিজেদের সামর্থ্যের মধ্যে থাকতে হবে।’
তিনি আরও বলেন, যাত্রীদের প্রতিদিন যে ‘লাখ লাখ ডলার’ খরচ হয়, তা এই ব্যবস্থায় এবং গণপরিবহনের নির্ভরযোগ্যতা বাড়াতে পুনঃবিনিয়োগ করা হবে।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুকও বিনামূল্যে গণপরিবহনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, রাজ্যের ভাড়া ইতোমধ্যেই ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকটের প্রভাবে অস্ট্রেলিয়ায় পেট্রোল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী করেছে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার নাগরিকরা এখনও গাড়ি চালানো কমাচ্ছেন বা গণপরিবহন বেশি ব্যবহার করছেন না। ফেডারেল সংসদে এসিটি সিনেটর ডেভিড পোকক ও গ্রিনস দল দেশব্যাপী বিনামূল্যে গণপরিবহনের আহ্বান জানাচ্ছেন।