logo

‘ইসরায়েলের সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তি স্থগিত করা উচিত’

‘ইসরায়েলের সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তি স্থগিত করা উচিত’

হিউম্যান রাইটস ওয়াচের ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ বেনশেমসি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য চুক্তি স্থগিতের সময় এসেছে। অনেক আগেই এ কাজটি করা উচিত ছিল।

শুক্রবার (১৭ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে আহমেদ বেনশেমসি বলেন, ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ড সংক্রান্ত একটি আইন অনুমোদনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি স্থগিত করা।

বেনশেমসি হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অ্যাডভোকেসি ও কমিউনিকেশন ডিরেক্টর। তিনি আনাদোলুকে বলেন, ‘বাণিজ্য চুক্তি স্থগিতের সময় এসেছে এবং এটি অনেক আগেই হওয়া উচিত ছিল।’

আহমেদ বেনশেমসি জানান, ১৯৯৫ সালের ‘ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট’ যা দুপক্ষের মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক সহযোগিতা পরিচালনা করে, সেখানে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকাকে সম্পর্কের একটি অপরিহার্য শর্ত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের জুনে এই চুক্তিটি পর্যালোচনা করা হয়েছিল এবং সেখানে ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু তিনি আক্ষেপ করে বলেন, ‘ইসরায়েলকে দোষী সাব্যস্ত করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের নিজস্ব মানদণ্ড, নীতি এবং আইনি বাধ্যবাধকতা বজায় রাখা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ হিসেবে ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্টের বাণিজ্যিক অংশটি এখন স্থগিত করা উচিত।