logo

ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানের উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল, উপগ্রহের ছবি বিশ্লেষণ করে এমনটা জানিয়েছে বিবিসি।

গত শনিবারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরিটি ওমান উপসাগরের পূর্ব প্রান্তে ইরানের উপকূল থেকে দক্ষিণে ২০০ কিলোমিটার অবস্থান করছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মার্কিন কোনো যুদ্ধজাহাজের সবচেয়ে কাছের অবস্থান এটি বলেও জানিয়েছে বিবিসি।

বিবিসি আরও জানায়, উপগ্রহের ছবি দৃশ্যমান আরও দুটি কাছাকাছি যুদ্ধজাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায়। এগুলো ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের কোনো ‘হামলাকারী জাহাজ’ অবরোধের কাছাকাছি এলে তা সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস। আমরা তাদের অল্প কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপে’ আঘাত করিনি, কারণ আমরা সেগুলোকে তেমন হুমকি মনে করিনি।’

বাংলাদেশ সময় রাত আটটা থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরানের বন্দরগামী ও সেখান থেকে বের হওয়া নৌযানের ওপর এই অবরোধ কার্যকর হয়। এর প্রভাবও তাৎক্ষণিকভাবে দেখা গেছে। অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্তত দুটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি থেকে ফিরে গেছে।

সূত্র : বিবিসি