logo

ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ

ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের ঘনঘটা। পরিস্থিতির গতিবিধি অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে শিগগিরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় ইরানে বসবাসকারী নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক জরুরি বিবৃতিতে এই আদেশ দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক বিমানসহ উপলব্ধ পরিবহনে দেশটি ছাড়তে হবে।

বিবৃতিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ভারত সরকার যে নির্দেশনা দিয়েছিল, তার ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতি বিবেচনায় এই নতুন সতর্কতা জারি করা হয়েছে। ১৪ জানুয়ারির আগের পরামর্শও পুনরায় উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ এলাকা এড়িয়ে চলতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

নাগরিকদের পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সব সময় সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

এদিকে ইরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। একই সময়ে তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা ২৬ ফেব্রুয়ারি জেনেভাতে অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। তিনি বলেন, ‘আমরা হয় একটি চুক্তি করব, নয়তো তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ হবে। ১০ দিনই যথেষ্ট সময়।’