Advertisement

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

এশিয়া পোস্ট ডেস্ক
যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার হার উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধক্ষেত্র ও তীব্র মানসিক চাপের জেরে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন ১৬ জন।

বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আত্মহননকারী ১৬ জনের মধ্যে সাম্প্রতিক মাত্র দুই দিনেই দুজন নারী সেনা নিজেদের জীবন শেষ করে দিয়েছেন।

নিহত নারী সেনাদের একজন মিশর সীমান্তের কাছে ‘বারদেলাস ব্যাটালিয়নে’ কর্মরত ছিলেন এবং অন্যজন তেল আবিবের কাছে অবস্থিত ‘গ্লিলট’ ঘাঁটির গোয়েন্দা বিভাগে দায়িত্বরত ছিলেন।

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনাসদস্য তীব্র মানসিক অবসাদের কারণে আগেই সামরিক সেবা থেকে অব্যাহতি অথবা কাজের চাপ কমানোর আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিলেন। তবে তার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

দুটি আত্মহত্যার ঘটনার পরই পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সৈন্যদের আত্মহত্যার এই ভয়াবহ ঊর্ধ্বগতির পেছনে গাজায় চালানো সামরিক অভিযান, লেবাননের যুদ্ধক্ষেত্র, এবং পশ্চিম তীর ও পার্শ্ববর্তী অঞ্চলে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি ও যুদ্ধের ক্ষতিকর মনস্তাত্ত্বিক প্রভাব গভীর ভূমিকা রাখছে।

এর আগে ২০২৫ সালেও কর্মরত সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল দেশটির সেনাবাহিনীর ইতিহাসে গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

সামরিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন ও যুদ্ধের নৃসংশতা প্রত্যক্ষ করা ইসরায়েলি বাহিনীর সামরিক সদস্যদের মাঝে ব্যাপক মনস্তাত্ত্বিক অবক্ষয় ও তীব্র মানসিক ব্যাধি সৃষ্টি করছে।