logo

৮১তম জাতিসংঘ দিবস আজ

৮১তম জাতিসংঘ দিবস আজ
জাতিসংঘের লোগো। ছবি: উইকিপিডিয়া

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এই দিবস উদযাপিত হয়। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে বিশ্ব সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়বাহতা ও লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত সংস্থাটি ৮১ বছরে পদার্পণ করেছে।

জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে (নিউইয়র্ক)। সংস্থাটির নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩। এর বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ‍যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এর ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফরাসি, চায়নিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। তবে সচিবালয়ে কার্যকরী ভাষা হলো ইংরেজি ও ফরাসি।

জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা ছয়টি হলো, সাধারণ পরিষদ, নিরাপত্ত পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত ও উন্নয়নমূলক সংস্থার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো (UNESCO), ইউনিসেফ (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্বব্যাংক।

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়।