Advertisement

গাজায় মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
গাজায় মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
গাজায় মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

ইসরায়েল-অধ্যুষিত গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল গ্রামের আশপাশে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করলে স্থানীয় ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তোলে। এরপর উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চার ফিলিস্তিনি এবং দুজন ইসরায়েলি সেনা প্রাণ হারান। মূলত এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে হামলা বর্বরতা শুরু করেছে দখলদার ইসরায়েলিরা।

নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত কুসরা গ্রামের পরিচালনা পরিষদের প্রধান আবদেল আজিম ওয়াদি জানান, রোববার ভোরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের গ্রামের নবনির্মিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। আগুনে মসজিদের প্রবেশদ্বার ও বাইরের পাথরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

মসজিদে হামলার খবর পেয়ে ইসরায়েলি সেনাবাহিনী কুসরা গ্রামে তাদের সেনা পাঠায়। সেনাসূত্র জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে সেখানে আগুন দেওয়া ও উসকানিমূলক গ্রাফিতি আঁকার আলামত পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ইসরায়েলি পুলিশ কাজ শুরু করেছে।

হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘বেনায়াহুর প্রতিশোধ’ এবং ‘ইহুদিদের প্রতিশোধ’ কথাটি লিখে রেখে যায়। শুক্রবারের সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনা বেনায়াহু মেলেট (৩২) এর নাম উল্লেখ করেই এই গ্রাফিতি আঁকা হয়।

আবদেল আজিম ওয়াদি আরও জানান, ২০১১ সাল থেকে তাদের গ্রাম বারবার আক্রমণের শিকার হয়ে আসছে এবং ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলা আরও বেড়েছে।

ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুলকারেমে অবস্থিত কুর গ্রামের আরেকটি মসজিদেও আগুন দেয়ার ঘটনা ঘটে। সেখানেও দেয়ালে বিভিন্ন বর্ণবাদী স্লোগান লিখে রেখে যায় হামলাকারীরা।

জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে গড়ে তোলা সব ইসরায়েলি বসতিকে বেআইনি হিসেবে গণ্য করা হয়।