বিদেশি দর্শনার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বিদেশি দর্শনার্থীদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।
শনিবার (১৪ মার্চ) ভ্রমণসংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নিজের খরচ বহনের সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে। ভবিষ্যতে তারা ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য হতে পারেন।
সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত দূতাবাস।
দূতাবাস জানায়, বি১ ও বি২—অর্থাৎ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও, কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিক গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। বি১/বি২ ভিসার আওতায় চুক্তি নিয়ে আলোচনা, দর-কষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে পারিশ্রমিক নেওয়া কিংবা কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা আইনত অনুমোদিত নয়।
মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।