logo
Advertisement

পশ্চিমবঙ্গে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা, এফআইআর-জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকলকাতা
পশ্চিমবঙ্গে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা, এফআইআর-জরিমানা
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রায় ফিলিস্তিনি পতাকা বহন করেন কয়েকজন। ছবি: এশিয়া পোস্ট

ধর্মীয় উৎসব পালনে আবারও বাধার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ফিলিস্তিনি পতাকা বহনের অভিযোগে পুলিশি পদক্ষেপের ঘটনা ঘটেছে। রাজ্যজুড়ে অন্তত দুটি স্থানে পতাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমবঙ্গেও উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজ্য পুলিশের দাবি, ধর্মীয় শোভাযাত্রায় অনুমোদিত নয় এমন পতাকা প্রদর্শন করায় তা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সুনির্দিষ্ট ধারায় প্রথম তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করা হয়েছে।

এ ঘটনায় উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস মন্তব্য করে বলেন, ‘নবী দিবসের মিছিলে কিছু তরুণ ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করে বিদেশি পতাকা ব্যবহার করেছিল। পুলিশ সেই পতাকা জব্দ করে এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে সঠিক কাজ করেছে।’

ঘটনায় পুলিশের নেওয়া দ্রুত আইনি পদক্ষেপের প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ধর্মীয় উৎসব পালনের পূর্ণ স্বাধীনতা সবার রয়েছে।

তবে ধর্মীয় অনুষ্ঠানের সুযোগ নিয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্ট বা কোনো বিদেশি রাজনৈতিক এজেন্ডা প্রচারের চেষ্টা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন করার জন্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা তুলে ধরেন তিনি।