‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ইরানে পুনরায় আক্রমণ চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম এশিয়ার দেশটিতে ওয়াশিংটন পুনরায় হামলা শুরু করতে পারে বলে জনিয়েছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আলমাসরি।
সোমবার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ কথা জানান এই বিশ্লেষক।
অধ্যাপক মোহাম্মদ আলমাসরি মনে করছেন, যুক্তরাষ্ট্র আগামী দু-এক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করবে। এর কারণ হলো, ট্রাম্পের ‘কানে কানে অনেক লোক কথা বলে’। তাদের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার নিজের প্রশাসনে ‘খুবই যুদ্ধবাজ লোক’ও রয়েছেন।
তিনি আরও বলেন, ট্রাম্প ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন এবং প্রত্যাশা করেছিলেন, তা পাননি। ট্রাম্পও আলোচনা ভিন্নভাবে এগোবে বলে আশা করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে তার সাম্প্রতিক শীর্ষ সম্মেলনের সময়ও তার এই উচ্চাকাঙ্ক্ষা ছিল।
আলমাসরি বলেন, এই মুহূর্তে ট্রাম্পের জন্য যুদ্ধটি শেষ করে দেওয়াই বিচক্ষণতার কাজ হবে। কারণ, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি তার জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। তবে, ইরানে ট্রাম্পের যুদ্ধ শেষ করার সম্ভাবনা অনেকটাই কম। কারণ মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে আমেরিকান জনগণের কাছে বিজয় ঘোষণা দিয়ে ফেলেছেন। সুতরাং এখান থেকে চাইলেও তিনি ফিরে যেতে পারবেন না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র। সেই থেকে অঞ্চলটিতে সংঘাত ব্যাপক ভয়াবহ আকার ধারণ করেছে। ওই হামলার কারণে তেহরান জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন পাল্টা অবরোধ ঘোষণা দিলেও কার্যত ইরানকে ঘায়েল করতে পারেনি।
