সরকারের সঙ্গে বৈঠকের পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

সরকারের সঙ্গে বৈঠকের পরও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের বিশিষ্ট পরিবেশ ও সামাজিক কর্মী সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, আন্দোলনরত তরুণ নেতাদের পার্লামেন্টে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া পর্যন্ত অথবা সাংসদরা দিল্লিতে তার চিকিৎসাধীন হাসপাতালে না আসা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।
সোমবার (২০ জুলাই) সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর একটি বার্তা শেয়ার করেন। বার্তাটিতে ওয়াংচুক চলমান কাকরোচ জনতা পার্টির (সিজিপি) ব্যানারে প্রতিবাদকারী যুবকদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
বার্তায় ওয়াংচুক লেখেন, আজ আমার অনশনের ২৩তম দিন। শান্তিপূরণভাবে আন্দোলনরত তরুণদের ওপর যেভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে, তা দেখে আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনরত তরুণ নেতাদের পার্লামেন্টে এমপিদের সঙ্গে দেখা করতে দিতে হবে অথবা এমপিদের হাসপাতালে আমার সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে।
লাদাখের এই সমাজকর্মী আরও লেখেন, আশা করি সরকার তার আগেই শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। এত উসকানির সত্ত্বেও যুবসমাজ যেভাবে শান্তির পথ ধরে রেখেছে, তাতে আমি গভীরভাবে অনুপ্রাণিত। আমি সরকার ও পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি—শিক্ষার্থীদের আজ বা আগামীকাল সংসদে তাদের ক্ষোভ ও দাবিগুলো তুলে ধরার সুযোগ দিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করা হোক।
এর আগে সোমবার (২০ জুলাই) দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ নামে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে। এ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংসদের অধিবেশন চলাকালে নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার আন্দোলনকারী সংসদ ভবনের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। সে সময় ভবনের ভেতরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। বাইরে পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে বিশেষ নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গাড়িবহর তড়িঘড়ি করে সংসদ ভবন এলাকা ত্যাগ করে।
.png)






