দুবাইয়ে ডিজেল চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জ্বালানি তেল চুরির দায়ে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
চক্রটি পার্ক করে রাখা ডিজেলবাহী গাড়ি বা ট্যাংকের ঢাকনা খুলে নিজেদের গাড়িতে তেল ভরে নিতো। দুবাইয়ের জেবেল আলী এলাকায় এ ধরনের একাধিক চুরির ঘটনার অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে জেবেল আলী পুলিশ স্টেশন।
চক্রের সদস্যরা আগে থেকেই গাড়িতে তেল নেওয়ার জন্য যন্ত্রপাতির ব্যবস্থা করে রাখতো। এরপর তাদের চার চাকার গাড়িগুলো ডিজেলবাহী বড় বড় গাড়ি ও ট্যাঙ্কারের পাশে পার্ক করে ডিজেল চুরির পর সেগুলো অন্যত্র বিক্রি করতো।
দেশটির গণমাধ্যম খালিজ টাইমস জানাচ্ছে, এ ঘটনায় আটক দুই সন্দেহভাজন সিরিয়ান নাগরিক। এর সঙ্গে আর কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বাসকারী ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য পেয়েছে পুলিশ। জ্বালানি তেল চুরির ঘটনা প্রতিরোধে পরিবহন কর্তৃপক্ষের সহায়তায় টহল জোরদার করেছে পুলিশ।
এ ব্যাপারে পরিবহন কোম্পানি ও ট্রাকচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র নির্ধারিত পার্কিং এরিয়া ব্যতীত অন্যত্র জ্বালানিবাহী গাড়ি পাকিংয়েও বিরত থাকতে বলা হয়েছে।