লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর কমান্ডার আলী আবদুল্লাহি এই হুঁশিয়ারি দেন।
বুধবার (১৫ এপ্রিল) বিবিসির প্রতিবেদন অনুসারে আবদুল্লাহি জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ বজায় রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করে, তবে তা হবে যুদ্ধবিরতির লঙ্ঘন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে ‘যাবতীয় আমদানি ও রপ্তানি কার্যক্রম’ বন্ধ করে দেবে।
যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার উল্লিখিত জলপথগুলো বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল এলাকাজুড়ে বিস্তৃত।
গত সোমবার থেকে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু হয়। বুধবার মার্কিন সামরিক বাহিনী জানায়, প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই এই অবরোধ অতিক্রম করতে পারেনি। এমনকি ওমান সাগরে ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর গত ৮ এপ্রিল এক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আবদুল্লাহি সেই চুক্তির প্রসঙ্গ টেনেই এই হুঁশিয়ারি দিলেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে। অবশ্য ইরান এখনও এই আলোচনার বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি।