মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। আইসিজে রায় দিয়েছেন যে, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। ইতিহাসে এই প্রথম কোনো দেশ গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলো।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য সরকার জানায়, তাদের নিষেধাজ্ঞার তালিকায় আছেন মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো ও কিয়াও সোয়ার উ।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। সাত লাখের বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। আইসিজের রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে একমত হয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো নৃশংস অপরাধের জবাব হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে। এতে প্রতিফলিত হবে নিজেদের মূল্যবোধ।
মিলিব্যান্ড জানান, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ২০১৭ সালে গণহত্যার সময় তিনিই ছিলেন সেনাপ্রধান। তাই অসংখ্য নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।
মিয়ানমারের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সেগুলো হলো চলমান নিপীড়ন বন্ধ করতে হবে; অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে; ভবিষ্যতে এমন নৃশংসতা যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে; মানবিক সহায়তা পৌঁছাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
এ ছাড়াও দাবিতে রয়েছে, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ করতে হবে; রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে; অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ শুরু করতে হবে।
মিয়ানমারের বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন করবে যুক্তরাজ্য। এ কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড।
গত সপ্তাহে আইসিজের রায়ের পরপরই যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়। গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্টে মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহেই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠকও হবে।
গত বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে বলেন, সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণে দেখা যায়, গণহত্যার উদ্দেশ্য থাকাই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত।
বিভিন্ন দেশের বিচারকদের প্যানেল ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেন। একই সংখ্যাগরিষ্ঠতায় আদালত আরও বলেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে মিয়ানমার।
(2)-6182f1.jpg)
