logo

ইরান যুদ্ধ বন্ধে তেল আবিবে বিক্ষোভ, সরকার উৎখাতের প্রতিশ্রুতি

ইরান যুদ্ধ বন্ধে তেল আবিবে বিক্ষোভ, সরকার উৎখাতের প্রতিশ্রুতি

ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের তেল আবিব শহরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন। এ সময় পুলিশ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইহুদি-ফিলিস্তিনি আন্দোলনকারী সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’-এর সহ-পরিচালক অ্যালন-লি গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘পুলিশ ইরান যুদ্ধ বন্ধে সরকারের বিরুদ্ধে জড়ো হওয়া দেড় হাজার বিক্ষোভকারীকে সহিংসভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে।’

গ্রিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, পুলিশের এই পদক্ষেপ আমাদের থামাতে পারবে না। আমরা এই চিরস্থায়ী যুদ্ধ বন্ধ করতে এবং এই মৃত সরকারকে উৎখাত করতে লড়াই চালিয়ে যাব।’

এদিকে ইসরায়েলের একটি গ্রামে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চিকিৎসকরা জানান, মধ্য ইসরায়েলের বেইত শেমেশের কাছে এশতাওল গ্রামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছেন।

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় পাঁচজন আহত হয়েছেন এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপির এক সংবাদদাতাকে বলেছেন, এটি ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। এতে অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক্স-এ ঘটনাস্থলের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইশতাওলের একটি পারিবারিক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

গত এক মাস ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি যুদ্ধের মধ্যে অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছে।