দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবাই নিহত

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানী জুবার উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (এসএসসিএএ) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এসএসসিএএ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ছোট যাত্রীবাহী বিমানটিতে পাইলটসহ ১৪ আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবাই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে থাকা যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ও বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক ছিলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য সংগ্রহ ও জরুরি পরিষেবাগুলোকে সহায়তা করার জন্য জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরের ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুর্ঘটনাস্থলের ভিডিওতে বিমানটির ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে। ভিডিওতে স্থানটিকে পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন বলে মনে হয়েছে।