পাকিস্তানে পেট্রোলের লিটার ১ হাজার রুপি হতে পারে: জ্বালানিমন্ত্রী

পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটার ১ হাজার রুপি হতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি সতর্ক করে বলেছেন, ‘দেশে পেট্রোলের ঘাটতি দেখা দিলে এর দাম লিটার প্রতি ১ হাজার রুপি পর্যন্ত বাড়তে পারে।’
রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির প্রযুক্তি, স্টার্টআপ এবং ব্যবসাবিষয়ক ডিজিটাল মিডিয়া টেকজুইস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী পারভেজ মালিক বলেন, ‘বর্তমানে পেট্রোলের কোনো ঘাটতি নেই। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু পাকিস্তান মাত্র ৫০ শতাংশ দাম বাড়িয়েছে।’
সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছেন। এ শীতে সরকার গ্রাহকদের জন্য গ্যাসের ঘাটতি হতে দেবে না। এমনকি যদি ৩০ লাখ ডলারের পরিবর্তে ১০ কোটি ডলারের গ্যাস আমদানি করতে হয়, তাও করবে সরকার।’
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘সরকার অক্টোবরের মধ্যে তেলক্ষেত্র আবিষ্কারের আশা করছে। ইতোমধ্যে তেল কূপ খননের কাজ শুরু হয়েছে।’