ইরানে আবারও হামলার বিষয়ে ভাবছেন ট্রাম্প

পাকিস্তানে শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক স্থবিরতা কাটাতে এবং ইরানকে চাপে রাখতে দেশটিতে ‘সীমিত পরিসরে’ সামরিক হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ এপ্রিল) রাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের পাশাপাশি এই হামলার বিষয়েও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টা পর রোববার ট্রাম্প যেসব বিকল্প নিয়ে ভাবছিলেন, তার মধ্যে এই সীমিত হামলা অন্যতম।
তবে কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করা এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রতি প্রেসিডেন্টের অনীহা রয়েছে। যার কারণে একটি ‘পূর্ণ মাত্রায় অভিযান’ শুরুর সম্ভাবনা কম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প একটি সাময়িক অবরোধের পথও বেছে নিতে পারেন, যেখানে হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি সামরিক অবরোধ অভিযানে যোগ দিতে মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবেন।
দিনের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থান করা জাহাজগুলো আটকানো শুরু করবে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ইরানি বন্দরে প্রবেশকারী এবং প্রস্থানকারী সমস্ত সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা শুরু করবে।