logo

এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দখলে থাকবে ইরানের আকাশ

এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দখলে থাকবে ইরানের আকাশ

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার উপর আমেরিকা ও ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে জানিয়েছেন যুক্তেরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (৪ মার্চ) পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি।  

সংবাদমাধ্যম নিউজ নেশন এক প্রতিবেদনে জানিয়েছে, পিট হেগসেথ ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানকে ঐতিহাসিক বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ন্ত্রণ পাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তিনি বলেন, দিন-রাত বিমান অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সামরিক অবকাঠামো ও নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া তাদের নেতাদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইরান কিছুই করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

হেগসেথ বলেন, এই লক্ষ্য অর্জনে ‘৫০০ পাউন্ড, ১০০০ পাউন্ড এবং ২০০০ পাউন্ড ওজনের জিপিএস ও লেজার-নির্দেশিত নির্ভুল মাধ্যাকর্ষণ বোমা’ ব্যবহার করবে।

এসময় যতদিন দরকার হবে ততদিন যুদ্ধ চালিয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন হেগসেথ। তার বক্তব্য শেষ হওয়ার পর, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ভিডিও শেয়ার করে বলেছে যে, তারা ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। বক্তব্যে তিনি জানান, রাশিয়া ও চীনের প্রতি দেওয়ার মতো কোনো বার্তা নেই। যদিও দেশ দুটির সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

পিট হেগসেথ বলেন, প্রকৃতপক্ষে তারা (রাশিয়া ও চীন) এখানে কোনো বিষয়ই নয়। আমাদের বিরোধও তাদের সঙ্গে না। ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার’ অবসান ঘটানোই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে জানান তিনি।