ভারতীয়দের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বিমান চলাচল বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ না করতে ‘কঠোর’ পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, আকাশ বা স্থলপথ, কোনো মাধ্যমেই যেন ভারতীয় নাগরিকরা বর্তমানে ইরানে না যান। একই সঙ্গে ইরানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশটি ত্যাগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান সফর এড়িয়ে চলাই নিরাপদ। যারা দেশটিতে রয়েছেন, তাদের নিরাপত্তার স্বার্থে দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার অনুরোধ করা হলো।’
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি ধাপে ধাপে আকাশপথ খোলার ঘোষণা দিলেও, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদসহ প্রধান বিমানবন্দরগুলো এখনো পুরোপুরি সচল হয়নি। এর ফলে, যারা ইরানে আটকা পড়েছেন, তাদের সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত স্থল সীমান্ত পথ ব্যবহার করে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে দেশটির বেশিরভাগ বিমানবন্দর বন্ধ রয়েছে। বর্তমানে উত্তর-পূর্বের মাশহাদ বিমানবন্দর থেকে সীমিত আকারে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।