মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ হবে বাংলাদেশি আমিনুলের সফটওয়্যারের মাধ্যমে

বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে নতুন করে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। এই প্রক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নূরের (আমিনুল ইসলাম স্বপন) প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বেস্টিনেট’-এর একটি সিস্টেম সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। নতুন এই পরিকল্পনার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্কিত ছয়টি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যাতে সরাসরি কর্মী নিয়োগের সুযোগ পায় তার জন্য ‘দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম’ নামের সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি আবেদনকারীও খুঁজে পাবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের আর অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রমনান রামকৃষ্ণান গত ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যম দ্য স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নতুন সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমিনুল ইসলামের কোম্পানি বেস্টিনেট বর্তমানে মালয়েশিয়ার ফরেইন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ সিস্টেম (এফডব্লিউসিএমএস) পরিচালনা করছে। এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও বিমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়।
এই উদ্যোগ নিয়ে অত্যন্ত আশাবাদী আমিনুল ইসলাম। তিনি তার পরিকল্পনার বিষয়ে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, এই ব্যবস্থার মাধ্যমে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া তুলনামূলকভাবে স্বচ্ছ ও অধিকতর সহজ হবে। তার মতে, এই স্বচ্ছ ও উন্নত নিয়োগ ব্যবস্থার মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালে নোবেল শান্তি পুরস্কারের একজন শক্তিশালী দাবিদার হতে পারেন।
আমিনুল জানান, অবিভাসী কর্মীদের কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। নতুন এই সিস্টেমটি শ্রমিক নিয়োগের খরচ কমিয়ে দেবে বলে জানান তিনি। বলেন, আমরা আগামী ৩৬ মাসের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে চাই। এই উদ্ভাবনী সিস্টেম মালয়েশিয়ার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
প্রস্তাব অনুযায়ী, বেস্টিনেট ১২ বছরের একটি চুক্তির আওতায় মালয়েশিয়ায় এই প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। প্রত্যেক বিদেশি কর্মী আবেদনের জন্য ১০০০ মার্কিন ডলার এবং কর্মীর এক মাসের বেতনের সমান ফি চার্জ করার সুযোগ থাকবে। যদিও বিষয়টি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে সফলভাবে বাস্তবায়িত হলে এটি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।