রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে: ট্রাম্প

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা-পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার (২ মার্চ) রাতে সংবাদমাধ্যম নিউজ ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
এর আগে সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালায় ইরান। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের সামান্য ক্ষতি হয়েছে এবং সীমিত আকারে আগুন লেগেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নিউজ ন্যাশনকে বলেছেন, প্রতিশোধের বিষয়টি শিগগিরই স্পষ্ট করা হবে। তিনি জানান, ইরান ভূখণ্ডে স্থল অভিযানের সম্ভাবনা কম। আমরা ইতোমধ্যে তাদের অনেক মূল্য দিতে বাধ্য করেছি। তাদের অনেক ক্ষতি করেছি।
ইরানে লক্ষ্য অর্জনের বিষয়ে ট্রাম্প বলেন, এটি কেবল সময়ের ব্যাপার। আমি অনেক কিছু জানি এবং কখন এ লক্ষ্য অর্জন করা হবে তা আমার জানা আছে। এটি খুব কাছাকাছি। ইতোমধ্যে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা তাদের অনেক পেছনে ফেলে দিয়েছি।
ইরানের বর্তমান শাসনক্ষমতা কার হাতে জানতে চাইলে ট্রাম্প নিউজ ন্যাশনের সাংবাদিক কেলি মেয়ারকে বলেন, আপনি শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।
মার্কিন স্থাপনা বা আমেরিকার ভূখণ্ডে ইরানের আক্রমণ নিয়ে কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এটা যুদ্ধেরই অংশ। এটা যুদ্ধেরই অংশ, মানুষ পছন্দ করুক বা না করুক, বিষয়টা এমনই।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। ইরান তাদের আক্রমণের পরিধি বাড়াচ্ছে, ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইসরায়েলি ও মার্কিন সেনাবাহিনী ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে।