মার্কিন তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

এশিয়া পোস্ট ডেস্ক
মার্কিন তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

শান্তিচুক্তির পর বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমলেও স্থানীয় পাম্পগুলোতে জ্বালানি তেলের দাম না কমানোয় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

বুধবার (২৪ জুন) ভোরে তিনি আমেরিকার বিচার বিভাগকে কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বড় বড় তেল কোম্পানিগুলো পাইকারি বাজারে অনেক কম দামে তেল কিনছে, কিন্তু সেই অনুপাতে তারা সাধারণ গ্রাহকদের জন্য পাম্পে তেলের দাম কমাচ্ছে না। যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে কমছে, সেখানে পাম্পে দাম না কমিয়ে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে।

ট্রাম্প সতর্ক করে আরও বলেন, আমি বিচার বিভাগকে অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। বাজারে যা দেখছি, জ্বালানি তেলের দাম তার চেয়ে অনেক দ্রুত নিচে নামা উচিত!

মঙ্গলবার (২৩ জুন) ট্রাম্প জানান, দেশজুড়ে জ্বালানি তেলের গড় দাম কিছুদিন আগের তুলনায় প্রতি গ্যালনে প্রায় ৬০ সেন্ট কমেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান ও হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই শান্তি ঘোষণার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং গত মার্চ মাসের পর এই প্রথম আমেরিকায় প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৪ ডলারের নিচে নেমে আসে। তবে কোম্পানিগুলো সেই অনুযায়ী খুচরা বাজারে দাম না কমানোয় এবার আইনি তদন্তের মুখে পড়তে যাচ্ছে।

সূত্র: আনাদোলু