হঠাৎ কেন রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন মাখোঁ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া গিয়ে পড়েছে ইউরোপেও। জ্বালানি সংকটের প্রভাব গাঢ় হতে শুরু করেছে গোটা বিশ্বে। কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলতে কার্যকরী পদক্ষেপ নিতে ইউরোপের দেশগুলো যখন নেতৃত্ব দিচ্ছে, তখন হঠাৎ করে রাজনীতি থেকে ইতি টানার ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
সর্বোচ্চ অনুমোদিত দুই মেয়াদ পূর্ণ করার পর ২০২৭ সালে এলিসি প্রাসাদ ত্যাগ করার পর রাজনীতিকে বিদায় জানাবেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ। গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার এক আলাপচারিতায় মাখোঁ বলেন, ‘আমি (রাষ্ট্রপতিত্বের) আগে রাজনীতি করিনি এবং পরেও করব না।’
মাখোঁ তার মেয়াদের শেষ পর্বের চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘নয় বছর পর সবচেয়ে কঠিন বিষয় হলো, যা ভালো করেছেন তা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, কিন্তু কখনও কখনও যা ভালোভাবে করেননি সেদিকেও ফিরে যেতে হয়।’
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, অর্জিত সাফল্যের সঙ্গে অসমাপ্ত সংস্কারগুলোর ভারসাম্য রক্ষা করাই ছিল তার শেষ মেয়াদের সবচেয়ে কঠিন কাজ।
মাখোঁ বৃহস্পতিবার ও শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের একটি অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া সফর করছেন। সেখানে তাকে স্বাগত জানান সাইপ্রাসের গ্রিক অংশের নেতা নিকোস ক্রিস্টোডুলাইডস। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অস্থায়ী সভাপতিত্ব তাদের কাছেই রয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল সচল করতে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ সভাপতিত্বে প্রায় ৪০টি দেশ বৈঠক করছে। প্যারিসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে যুদ্ধ-পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কীভাবে নিরাপদ ও উন্মুক্ত রাখা যায়, তার একটি রূপরেখা প্রণয়ন করা এই সম্মেলনের লক্ষ্য।