২ বর্ডার বন্ধ করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে: বাংলাদেশকে হুমকি বিজেপি নেতার

বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সরাসরি বলেন, ‘বাঙালি হিন্দু হিসেবে, পশ্চিমবঙ্গের হিন্দু হিসেবে বলছি, প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাস্তায় নামতে হবে। সারা পৃথিবীতেই আন্দোলন গড়ে তুলতে হবে।’ বাংলাদেশের হিন্দুকে ‘ভাই’ বলে সম্বোধন করে শমীক বলেন, ‘যাদের রক্ত ঝরছে, তারা আমাদের ভাই।’
শমীক ভট্টাচার্যের মতে, বাংলাদেশ আলাদা রাষ্ট্র হওয়ার কারণেই বর্তমানের সেখানে সংখ্যালঘুরা ‘নির্যাতনের’ শিকার হচ্ছে। তিনি বলেন, ভাষা নয়, ধর্মের ভিত্তিতেই অখণ্ড ভারত দ্বিখণ্ডিত হয়েছিল এবং সেখানে বরাবর ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরাই আক্রান্ত হচ্ছেন ও প্রাণ হারাচ্ছেন। ১৯৭২ সালের ক্ষত আজও বয়ে চলেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা
ভারত থেকে ভাগ হয়ে বাংলাদেশের আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে দায়ী করেন শমীক। তার সাফ কথা, ‘পুরোপুরি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীদের নিয়ে ব্রিটিশরা দেশভাগ করেছিলেন।’
এমনকি বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে প্রচলিত কিছু বক্তব্যেরও বিরোধিতা করেন। তার দাবি, বাংলাদেশের সৃষ্টি শুধুমাত্র ভাষার ভিত্তিতে হয়েছিল, এই ব্যাখ্যা সম্পূর্ণ সঠিক নয়। ভারতীয় ইতিহাস এবং বাংলাদেশের জন্মের প্রেক্ষাপট আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে না ভারত: অধ্যাপক শ্রীরাধা দত্ত
কলকাতার বুদ্ধিজীবীদের একাংশকেও তুলোধোনা করেন শমীক। তার সাফ কথা, ‘ভাষা আন্দোলন নিয়ে এতকিছু করে বাংলাদেশিরা। আর তাদের নিয়ে লাফালাফি করে এখানকার কিছু লোক। ভাষা কিছু নয়, আসল হলো ধর্ম।’
সীমান্ত পরিস্থিতি নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শমীক। তার কথায়, ‘দুটো বর্ডার বন্ধ করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে।’ যদিও সীমান্ত বন্ধ করার বিষয়ে কোনো নির্দিষ্ট প্রস্তাব বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি। একই সঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। একটি দায়িত্বশীল সরকার হিসেবে কেন্দ্র নিশ্চয়ই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
