পাকিস্তানে নিরাপত্তা জোরদার, দ্বিতীয় দফার বৈঠক কখন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার আগে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিতে দেখা গেছে।
রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, রোববার রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদের পাশে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে সশস্ত্র বাহিনী টহল দিচ্ছেন।
পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
এদিকে আলোচনার দিন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সংবাদমাধ্যম সিএনএন আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) এ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট কোনো চুক্তি না আসে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর ওয়ানে থাকাকালীন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল—আলোচনা ব্যর্থ হলে তিনি কি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবেন নাকি পুনরায় হামলা শুরু করবেন? জবাবে তিনি বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না।’
এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়াই শেষে হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।