Advertisement

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: বিবিসি

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বরাতে বিবিসি জানায়, টানা দশম রাতের মতো পরিচালিত এই হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের ওপর নতুন করে হামলা চালানো হচ্ছে।

এদিকে ইরানের গণমাধ্যম বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথে নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই এ হামলা চালানো হয়েছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে আমার নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

অপরদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ লড়ছে।

এদিকে সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

সোমবার ইরান সমর্থিত হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে।

প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে বলে জানান ইয়াহিয়া সারি।

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যে কোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।

হুতিদের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সৌদি আরবের।


সূত্র: বিবিসিআলজাজিরা