দুই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বিবিসি

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের জনবল ব্যাপকভাবে হ্রাসের পরিকল্পনার কথা জানিয়েছে। আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এটা গত ১৫ বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় আকারের ছাঁটাই।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এক সাধারণ সভায় বিবিসির কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা।
বর্তমানে গণমাধ্যমটিতে মোট ২১ হাজার ৫০০ জন কর্মী কর্মরত আছেন। এই ছাঁটাইয়ের ফলে মোট জনবলের প্রায় ১০ শতাংশ কাজ হারাবেন। ২০১১ সালের পর বিবিসির ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া।
আগামী মাসে গুগলের সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটিন নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু হলো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিবিসি ৬০০ মিলিয়ন পাউন্ড ব্যয় সংকোচনের একটি পরিকল্পনা ঘোষণা করেছিল।
সে সময় জানানো হয়েছিল, ব্যয় কমাতে জনবল হ্রাস এবং কিছু অনুষ্ঠান প্রচার বন্ধ করা হতে পারে।
বিদায়ী মহাপরিচালক টিম ডেভি জানিয়েছিলেন, আগামী তিন বছরের মধ্যে বিবিসিকে তাদের বার্ষিক ছয় বিলিয়ন পাউন্ড ব্যয়ের ১০ শতাংশ সাশ্রয় করতে হবে। ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডার অধিকারের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে বিবিসির সংবাদ পরিবেশন নিয়ে বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দেন ডেভি। এরপর গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ত্যাগ করেন।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রদ্রি তালফান ডেভিস বুধবারের সেই সভায় সভাপতিত্ব করেন। আগামী ১৮ মে ম্যাট ব্রিটিন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ডেভিস এই অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।