এবার হামলায় ইরানি গোয়েন্দামন্ত্রী নিহত, দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়ে দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবসহ মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া বিবৃতির বরাতে বুধবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পরিচালিত অভিযানে গোয়েন্দামন্ত্রী খতিবসহ মন্ত্রণালয়ের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তাদের এই ‘হত্যাকাণ্ডের ধারাবাহিকতায়’ ইতোমধ্যে ইরানের অন্তত কয়েক ডজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের গোয়েন্দা ও সামরিক নেতৃত্বের শীর্ষ অবস্থান ভেঙে দেওয়া।
এর আগে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করছেন।
এদিকে ইরান সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।