
ইয়েমেনের তাইজ গভর্নরেটজুড়ে গত ২৪ ঘণ্টায় হুতি বাহিনীর হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। এ সময়ে হুতি বাহিনীর বিরুদ্ধে ৪৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করার দাবি করেছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সি আহলাম আবদুস সালাম রয়েছে। তাইজের আল-মিসরাখ জেলায় পরিবারের বাড়িতে গোলাবর্ষণের সময় তার মৃত্যু হয়।
সংগঠনটির দাবি, হুতি বাহিনী গভর্নরেটটির বিভিন্ন আবাসিক এলাকায় ১৮০টিরও বেশি গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় মর্টার ও কামানের গোলা, কাতিউশা রকেট এবং ট্যাংকের গোলা ব্যবহারের পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে।
হামলায় তাইজ শহরের আল-সাফওয়া হাসপাতাল ও আল-সাঈদ মসজিদসহ সাতটি বাড়ি এবং ১২টি ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মানবাধিকার সংগঠনটি সতর্ক করে বলেছে, অব্যাহত গোলাবর্ষণ এবং প্রয়োজনীয় সরবরাহে বিধিনিষেধের কারণে অঞ্চলটির মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা, চিকিৎসাসেবা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবায় নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
