পারস্য উপসাগর মাইন দিয়ে অবরুদ্ধ করার হুমকি ইরানের

ইরানের উপকূল বা দ্বীপে কোনো আক্রমণ হলে সমুদ্রসীমায় মাইন স্থাপন করে পুরো পারস্য উপসাগর অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান প্রতিরক্ষা কাউন্সিল।
সোমবার (২৩ মার্চ) দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইরান প্রতিরক্ষা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপগুলোতে আক্রমণ করার কোনো চেষ্টা করে, তবে সাধারণ সামরিক রীতি অনুযায়ী পারস্য উপসাগর এবং উপকূলের সব যাতায়াত পথ ও যোগাযোগ লাইনে বিভিন্ন ধরনের নৌ-মাইন বিছিয়ে দেওয়া হবে। এর মধ্যে ভাসমান মাইনও থাকবে যা উপকূল থেকে ছাড়া সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য পুরো পারস্য উপসাগর কার্যত হরমুজ প্রণালির মতো পরিস্থিতির সম্মুখীন হবে। এবার হরমুজ প্রণালির পাশাপাশি পুরো পারস্য উপসাগরই অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে আক্রমণকারী পক্ষের ওপর বর্তাবে।
ইরান চীন, ভারত এবং পাকিস্তানের মতো কিছু বন্ধুপ্রতিম দেশকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের অনুমতি দিলেও অন্যদের জন্য এটি কার্যত বন্ধ করে দিয়েছে। জাহাজে হামলা এবং মাইন স্থাপনের খবরের ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে।
তেল আমদানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে চাপের মুখে রয়েছেন। গত শনিবার তিনি গভীর রাতে সতর্ক করে বলেছেন, ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেবে।